ঢাবির টিএসসিতে তরুণী হেনস্তার অভিযোগ, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু
ঢাবির টিএসসিতে তরুণী হেনস্তার অভিযোগ, তদন্ত শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তরুণী হেনস্তার অভিযোগ, দুই শিক্ষার্থী অভিযুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোরে দুই তরুণীকে হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সূত্রপাত হয়।

ঘটনার বিবরণ ও ভিডিও প্রমাণ

জানা গেছে, টিএসসি’র রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজনের হাতে একটি বাঁশ রয়েছে এবং তিনি এক তরুণীর দিকে লাথি দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওতে তরুণীরা তাদের মারধর করার অভিযোগ করেন। এ ঘটনায় নারীদের সঙ্গে উপস্থিত থাকা দুই জন পুরুষ প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।

ভিডিওতে এক তরুণীকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেইফ না। ৫ আগস্টের পর আমরা সেইফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে যে আমরা প্রস্টিটিউট।”

অপর এক তরুণী বলেন, “আমরা নাজিরাবাজার থেকে সেহরি করে এসে টিএসসিতে দাঁড়াইছি। আমার রাইডারকে থাপ্পড় দিছে। আমাদের প্রস্টিটিউট বলতেছে। ওরা পারে মেয়েদের গায়ে হাত তুলতে?”

অভিযুক্ত শিক্ষার্থীদের পরিচয় ও বক্তব্য

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তদের একজন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার তুষার; তিনি বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। অপরজন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ সোহান; তিনি জিয়া হলের আবাসিক ছাত্র।

অভিযোগের বিষয়ে শাহরিয়ার ইসলাম তুষারের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, দুই জন নারীর সঙ্গে থাকা ছেলের তার ধস্তাধস্তি হলেও কোনও নারীর গায়ে হাত তোলেননি।

তার দাবি, “সেহরি খেয়ে আসার পথে টিএসসিতে একজন নারী ও একজন পুরুষকে ‘বাজে’ অবস্থায় দেখি এবং কথা বলে বুঝতে পারি তারা মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের এ অবস্থায় দেখে পরিচয় জানতে চাই। আমার সঙ্গে তারা রূঢ় আচরণ কর। এ থেকে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ছেলেটার সঙ্গে আমার হাতাহাতি হয়ে যায়। হাতাহাতির পরে মেয়ে যে ছিল সে বারবার আমার ওপর চড়াও হয়ে আসে। আমি তো আর মেয়ের সঙ্গে মারামারি করতে পারি না, আমি জাস্ট হাত দিয়ে যখন সরাতে গেছি তখন সে দাবি করে আমি নাকি তাকে থাপ্পড় দিয়েছি।”

অভিযোগের বিষয়ে জানতে রাকিব আহমেদ সোহানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এক গণমাধ্যমের কাছে হাতে বাঁশ নেওয়ার বিষয়টি স্বীকার করলেও তিনি কাউকে আঘাত করেননি বলে জানান।

প্রক্টরের বক্তব্য ও তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, এই বিষয়ে তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি বলেন, তারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে নারীদের লাঠি দিয়ে আঘাত করার কোনও কিছু তারা সিসিটিভি ক্যামেরায় দেখেননি, তবে হেলমেট দিয়ে একজন পুরুষকে আঘাত করতে দেখা গেছে।

তিনি বলেন, “মেয়েদের লাঠি নিয়ে শাসিয়েছে এসব দেখা গেছে এবং ওদের সঙ্গে যে লোক ছিল তাকে হেলমেট দিয়ে মাথায় বাড়ি দিয়েছে। তবে মেয়েদের গায়ে হাত দিয়েছে কি না জানতে ভিডিওটা আরেকটু ভালো করে দেখতে হবে। আমি দেখেছি লাঠি উঠিয়েছে কিন্তু গায়ে সরাসরি পিটুনি দিয়েছে এইটা আমি এখনও দেখিনাই। মেয়েরা কোনও অভিযোগ করেনি তবে সঙ্গে থাকা দুই ছেলে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছে- যাদের একজন নিজেকে রাইডার পরিচয় দিয়েছে এবং একজন নিজেকে ছোটবেলার বন্ধু পরিচয় দিয়েছে।”

অভিযোগপত্রে তারা দাবি করেন, সেহরি খেয়ে ফেরার পথে টিএসসিতে চা খেতে দাঁড়িয়েছে। তখন ২-৩ টা ছেলে এসে অনেক জেরা করেছে। জেরার একপর্যায়ে তাদের গালিগালাজ করেছে। তারপর হেলমেট দিয়ে মেরেছে, মেয়ে দুইটাকে মেরেছে।

সামাজিক প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।