দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জকসুর
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, নির্মাণাধীন দুটি হলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা ও বিশেষ বৃত্তিসংক্রান্ত দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিন দাবি জানাল জকসু

সংবাদ সম্মেলনে জকসুর পক্ষ থেকে তিনটি দাবির কথা বলা হয়। এগুলো হলো জুলাই মাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং বিশেষ বৃত্তির বাকি টাকা অতিদ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে।

উপাচার্যের সঙ্গে যোগাযোগ

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা জকসু প্রথম থেকেই শিক্ষার্থীদের নিয়ে প্রশাসন ও ইউজিসির সঙ্গে সমন্বয়ে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চেষ্টা করে যাচ্ছি। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘এসবের ধারাবাহিকতায় আজ আমরা উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি সম্মতি জানিয়েছেন। যদি আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয়, তাহলে আমরা জকসু ১৭ হাজার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নতুন কর্মসূচি দেব।’

শিক্ষার্থীদের প্রত্যাশা

জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং অন্য প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত দাবি পূরণের ওপর জোর দেন। বিশেষ করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার জন্য সেনাবাহিনীর সম্পৃক্ততা জরুরি বলে মত প্রকাশ করেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ