রাজশাহীতে একটি অটোরিকশা থামিয়ে চালককে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। শনিবার দিনগত রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে ও সংশোধনাগারে পাঠানো হয়েছে। আরএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার কিশোর গ্যাং সদস্যরা কারা?
গ্রেফতারকৃতরা হলেন শাহমখদুম থানার কালুর মোড়ের রুহুল আমিনের ছেলে রাকসান আলী (২০), খিরসিন টিকর গ্রামের লামা (১৫), একই গ্রামের আবিদ আলী (১৬), চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামের জাহিদুল (২০) ও বড়বনগ্রাম কচুপাড়া গ্রামের প্রান্ত (১৯)।
ঘটনার বিবরণ
অভিযোগে বলা হয়, গত ৩ জুলাই শাহমখদুম থানার ডাবতলা সড়কে সিটিহাটগামী একটি অটোরিকশার গতিরোধ করে কিশোর গ্যাং সদস্যরা। তারা অটোরিকশাচালককে লাঠি ও বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন কেনার জন্য জমানো ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার আগে তারা চালককে হুমকি দেয় যে, পুলিশকে জানালে পরেরবার এসে শেষ করে দিয়ে যাবে।
ভিডিও ভাইরাল ও গ্রেফতার
ঘটনার দিন রাতে অটোচালক বাদী হয়ে শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি আলোচনায় আসার পর পুলিশ কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে শনিবার রাতে অভিযানে নামে। আরএমপির গণমাধ্যম শাখা জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।



