চরফ্যাশন উপজেলার অতিরিক্ত চৌকি আদালত প্রাঙ্গণ সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, ফলে বিচারিক সেবা নিতে আসা শত শত মানুষ, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা গেছে, আদালত প্রাঙ্গণে হাঁটার বা দাঁড়ানোর জায়গা নেই। সেবা প্রার্থীরা দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।
জলাবদ্ধতায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ
চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মোঙ্গল গ্রাম থেকে মামলার কাজে আসা ইয়াসিন বলেন, 'মামলার কাজে এসে দেখি আদালতের সামনে প্রায় হাঁটু সমান পানি। বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়। আদালতের সামনে এখন দাঁড়ানোর সুযোগ নেই।'
আইনজীবী ও কর্মকর্তাদের বক্তব্য
চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হযরত আলী হিরণ বলেন, 'অল্প বৃষ্টিতেই আদালতের সামনের সড়ক ও প্রবেশপথে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীদের জমে থাকা পানি মাড়িয়ে আদালতে প্রবেশ করতে হচ্ছে। আদালতের আশপাশে বিভিন্ন বাড়িঘর ও বহুতল ভবন নির্মাণ হলেও নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা বাড়ছে। আমরা জরুরিভিত্তিতে ড্রেন পরিষ্কারের কিছু কাজ করেছি, কিন্তু উপজেলা পরিষদ ও পৌরসভার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাইনি। দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ জরুরি।'
চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন বলেন, 'এটি দীর্ঘদিনের সমস্যা। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আদালতে আসেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান চাই।'
স্থানীয়দের প্রতিক্রিয়া ও কর্তৃপক্ষের উদ্যোগ
স্থানীয়দের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, 'জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে ৪৬ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ড্রেনেজ নির্মাণ কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে।'



