কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত নুরুল ইসলাম (৫৫) ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে। তিনি নিজ বাড়িতে একটি টিনের ঘর নির্মাণ করছিলেন।
দুর্ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



