ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯
ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

শিশুটির পরিচয় ও মৃত্যু

মৃত শিশুটির নাম ওজিহা (৭ মাস)। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার সবুজ মাতুব্বরের মেয়ে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ মে) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের সংখ্যা ও এলাকাভিত্তিক তথ্য

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ২ জন করে ৬ জন এবং রাজবাড়ী, যশোর ও মাগুরা জেলার ১ জন করে ৩ জন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিভিল সার্জনের বক্তব্য

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ মাসের শিশু ওজিহা ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।

নতুন ভর্তি ও বর্তমান পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে দুই হাসপাতালে মোট ১১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সামগ্রিক পরিসংখ্যান

গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫২ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হামের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ