উপজেলা পরিষদে এমপি অফিসে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার আশঙ্কা
উপজেলা পরিষদে এমপি অফিসে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য অফিস স্থাপনের প্রস্তাব স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটি সতর্ক করে বলেছে, এতে প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে।

সংবাদ সম্মেলনের মূল বক্তব্য

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বিআইপি কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান।

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, উন্নয়ন পরিকল্পনা স্থানীয় বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও সিদ্ধান্ত গ্রহণ যদি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় তবে তা কার্যকর হয় না। সংসদ সদস্যদের উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা বাড়লে আইনসভা ও নির্বাহী বিভাগের সীমারেখা অস্পষ্ট হয়ে পড়তে পারে বলেও উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বৈত নেতৃত্বের আশঙ্কা

বক্তারা জানান, উপজেলা পরিষদে এমপি অফিস স্থাপন করলে ভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিদের মধ্যে ‘দ্বৈত নেতৃত্ব’ তৈরি হতে পারে, যা উন্নয়ন কার্যক্রমে সমন্বয়হীনতা ও বিলম্ব সৃষ্টি করবে। এতে সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন, আর স্থানীয় সরকারের কাজ উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন। এই দুইয়ের মধ্যে স্পষ্ট সীমারেখা থাকা প্রয়োজন। উপজেলা পর্যায়ে পেশাজীবী পরিকল্পনাবিদ নিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন বক্তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লোকাল পার্লামেন্ট গঠনের প্রস্তাব

সমাপনী বক্তব্যে অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা জরুরি। তিনি বিভাগীয় পর্যায়ে ‘লোকাল পার্লামেন্ট’ গঠনের প্রস্তাব দেন এবং বলেন, এতে সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়বে।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে বিদ্যমান ক্ষমতার টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন করে এমপি অফিস স্থাপন করলে সংকট আরও বাড়তে পারে।

সুপারিশমালা

সংবাদ সম্মেলনে বিআইপি’র পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— এমপিদের অফিস স্থানীয় সরকার কার্যালয়ের বাইরে স্থাপন, স্বতন্ত্র কনস্টিটুয়েন্সি অফিস বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম চালু, উন্নয়ন পরিকল্পনায় এমপিদের সরাসরি সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত না করা, এবং এমপি ও স্থানীয় প্রশাসনের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় কাঠামো গঠন।

এছাড়া শক্তিশালী উপজেলা পরিষদ গঠনে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্ব নিশ্চিত করা, পেশাদার পরিকল্পনাবিদ নিয়োগ, সমন্বিত স্থানিক পরিকল্পনা বাধ্যতামূলক করা, আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হ্রাসের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিআইপি মনে করে, টেকসই ও পরিকল্পিত উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকরভাবে ক্ষমতায়ন ও জবাবদিহিতার আওতায় আনা জরুরি।