বড়লেখায় অর্ধশত বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫ পরিবার
বড়লেখায় অর্ধশত বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ

বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের উজিরপুর গ্রামে প্রায় অর্ধশত বছরের পুরোনো একটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। একমাত্র চলাচলের পথটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পাঁচটি পরিবারের নারী-পুরুষ, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

অভিযোগ দাখিল

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চলাচলের পথ বন্ধের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে জালাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। দীর্ঘদিনের ব্যবহৃত এ রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীদের বক্তব্য

লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উজিরপুর গ্রামের জালাল উদ্দিন, মিনা বেগম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ ও শামীম আহমদের পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ প্রায় ৫০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন। পূর্বে এ রাস্তাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে মৃত এলাছ উদ্দিনের স্ত্রী মিনা বেগম একটি মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসার লক্ষ্যে বড়লেখা থানার তৎকালীন ওসি মো. ইয়াছিনুল হকের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে একটি সালিশনামাও সম্পাদিত হয়। এরপর থেকে এলাকাবাসী রাস্তাটি ব্যবহার করে আসছেন।

বেড়া দেওয়ার ঘটনা

ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৬ মে সকালে সিদ্দিক আহমদ (৪০), রোকেয়া বেগম (৪০), কাসিম (১৮) ও হুসাইন আহমদ (২৫) সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ওই রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। বাধা দিলে তারা গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে অসুস্থ রোগীসহ কেউ জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছেন না। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, 'ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'