গাইবান্ধা সদর উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন কলেজের সাবেক অধ্যক্ষ ও দুইজন শিক্ষক রয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়াইপাড়া এলাকায় গাইবান্ধা-ধর্মপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন- সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রোস্তম (৩৩) ও সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশার ওরফে পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৪৮)।
আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সামিউল ইসলাম (৫২), তার স্ত্রী ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বেগম (৪৫), স্কুল শিক্ষক নাজমুন নাহার লাকি (৪০) ও সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকার শাপলা আখতার (৪০)। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আব্দুর রাজ্জাক ওরফে রোস্তম মারা যান। অটোরিক্সার চালকসহ আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ইজিবাইক চালক ফরিদ মিয়া মারা যান।
পুলিশের বক্তব্য
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।



