বগুড়ার ধুনটে নির্মাণকাজ শেষ না হতেই উপজেলা পরিষদের পুকুরে পাড়ে নির্মাণাধীন সড়কের গাইডওয়ালের একাংশ হেলে পড়েছে। রবিবার সকালের এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুর ঘিরে গড়ে উঠেছে শিশুপার্ক। কয়েক মাস ধরে পার্কটির উন্নয়ন কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে পুকুরপাড়ের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা পরিষদ। ওয়াকওয়ে নির্মাণের জন্য গাইডওয়াল প্রয়োজন। এ কারণে ১৯০ ফুট গাইডওয়াল নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৫ লাখ টাকা।
হেলে পড়ার ঘটনা
রবিবার সকাল ৮টার দিকে পুকুরপাড়ের দক্ষিণ পাশে গাইডওয়ালের প্রায় ১০ ফুট অংশ পুকুরের দিকে হেলে পড়ে। এতে ঝুঁকিতে রয়েছে, প্রায় ১৯০ ফুট দৈর্ঘ্যের গাইডওয়ালটি। এতে সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার এবং শর্ত না মানার অভিযোগ করেছেন এলাকাবাসীরা। তবে ঢালাইয়ের পর গাইডওয়াল মজবুত না হতেই বালু ভরাটের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেছে, কর্তৃপক্ষ।
প্রকৌশলীর ব্যাখ্যা
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ‘গাইডওয়ালটি নির্মাণের কমপক্ষে ২৮ দিন পর সড়কে বালু ভরাটের কথা ছিল। কিন্তু এটি নির্মাণের এক সপ্তাহ পার না হতেই বালু ভরাটের কারণে গাইডওয়াল হেলে পড়েছে। মজবুত না হওয়ার কারণে এমনটি হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।’



