নিতাই ইউনিয়নে বেলতলী ব্রিজের সংযোগ সড়ক ধস, যান চলাচল বন্ধ
নিতাই ইউনিয়নে বেলতলী ব্রিজের সড়ক ধস, চলাচল বন্ধ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার সড়কের ওপর নির্মিত বেলতলী ব্রিজের এ্যাপ্রোস সড়কটি ধসে পড়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট পানির চাপে এই ধস নামে। এতে সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ঘটনার বিবরণ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে যায়। নদীতে তীব্র স্রোত ছিল বলে জানান তারা।

সেতুর ইতিহাস ও সমস্যা

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলী ঘাঁটে চাঁড়ালকাঁটা নদীর ওপর ২০১৪ সালে প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের পর গত কয়েক বছর প্রতি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্রিজের দক্ষিণ অংশে ধস নামে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের অভিযোগ

নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের বাসিন্দা আবু তালেব ও সহিদার রহমান জানান, সেতুটি নির্মাণের পর প্রায় প্রতি বছর একই জায়গায় ধসে যাওয়ার কারণে জনগণ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। উপজেলা প্রকৌশল দপ্তর ও প্রশাসনের লোকজন পরিদর্শনে এসে নামমাত্র কাজ করে সড়ক চলাচলের উপযোগী করে চলে যায়।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু জানান, সেতুটির দক্ষিণ দিকে সংযোগ সড়কটি প্রতিবছর ভেঙে যায় এবং প্রতিবছরই সংস্কার করা হয়। তিনি বলেন, "প্রকৌশল দপ্তরের উচিত সংযোগ সড়কটির ভাঙন রোধে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা। তা না করে প্রতিবছর দায়সারা কাজ করার কারণে বারবার সড়কটির একই জায়গায় ধসে পরে জনগণের চলাচলে ভোগান্তি হয়।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৌশল দপ্তরের বক্তব্য

উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান বলেন, "ব্রিজের দক্ষিণ দিকের সংযোগ সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ পরিদর্শনে গিয়েছিলাম। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ধসে যাওয়া অংশটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া করছি। পরবর্তীতে পর্যাপ্ত বরাদ্দ পেলে স্থায়ীভাবে সমাধান করা হবে।"