প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে তিনটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
নির্দেশনা প্রদান
সম্প্রতি, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার (১৯ জুন) বিকালে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
যানজটের কারণ
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখান ও উত্তরখান এলাকায় প্রবেশ ও বহির্গমনের প্রধান সংযোগপথ হিসেবে কসাইবাড়ী, আজমপুর এবং আবদুল্লাহপুরের রেলগেইটগুলো প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করে। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেইট বন্ধ থাকায় এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বিকল্প সড়কের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, চাকরিজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন। জরুরি সেবার যানবাহনও দীর্ঘ সময় আটকে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
নির্মাণ পরিকল্পনা
এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে উত্তরা কসাইবাড়ী, আজমপুর কাঁচাবাজার ও আবদুল্লাহপুর বেড়িবাঁধ রেলক্রসিং এলাকায় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এমপির প্রতিক্রিয়া
ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা জাতীয় সংসদের গত অধিবেশনে আমি উত্থাপন করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসব স্থানে আন্ডারপাস অথবা ওভারপাস নির্মাণ হলে উত্তরখান ও দক্ষিণখানসহ ঢাকার বিশাল এলাকা যানজটমুক্ত হবে। আশা করি, এটি শীঘ্রই বাস্তবায়িত হবে।



