বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভেঙে চলতি বছরের ১২ এপ্রিল চারটি ইউনিয়ন নিয়ে ‘মোকামতলা’ উপজেলা গঠন করে সরকার। তার দুই মাসের মাথায় বুধবার (২৩ জুন) মোকামতলা পৌরসভা গঠনের লক্ষ্যে ১০টি গ্রামকে শহর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনের বিস্তারিত
স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-২-এর উপসচিব আশফিকুন নাহার ২৩ জুন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সালের ৫৮ নম্বর আইন) এর ধারা ৩-এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বগুড়া জেলার মোকামতলা উপজেলার নিম্ন তফসিলে উল্লিখিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, শহর ঘোষিত মৌজাগুলো হলো: ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লক্ষ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া।
আপত্তি জানানোর সুযোগ
উল্লিখিত আইনের ধারা ৩-এর উপধারা (৩) এর বিধান অনুযায়ী, এই প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে। ধারা ৩-এর উপধারা (৪)-এর বিধান মোতাবেক সরকার তিন মাসের মধ্যে আপত্তি নিষ্পন্ন করবে।
মোকামতলা উপজেলা গঠনের পটভূমি
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণা করা হয়। মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে এই উপজেলা গঠন করা হয়। ১১ জুন নতুন করে আরও তিনটি ইউনিয়ন গঠিত হওয়ায় এখন ইউনিয়নের সংখ্যা ৮। উপজেলার আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় দেড় লাখ।
ইউনিয়নের নামকরণ বিতর্ক
মোকামতলা ও শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন চারটি ইউনিয়নের নামকরণ করা হয় যথাক্রমে ‘মীরবাড়ী ইউনিয়ন’, ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশ ও পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে এসব নামকরণ করা হয়। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিলে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী মঙ্গলবার (২৩ জুন) নিজ নিজ ইউনিয়নের আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়।
পৌরসভা গঠনের আইনি শর্ত
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী, কোনও এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করতে হলে সাধারণত ওই এলাকায় ন্যূনতম ৫০ হাজার মানুষের বসবাস থাকতে হবে। প্রতি বর্গকিলোমিটারে গড়ে কমপক্ষে ২ হাজার মানুষের বসবাস থাকতে হবে। এলাকাটি শহর বা শহরতলির বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে; অর্থাৎ অধিকাংশ জনগণ কৃষির বাইরে ব্যবসা, শিল্প, চাকরি বা অন্যান্য অকৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে। সাধারণভাবে মোট জমির অন্তত ৭০ শতাংশ অকৃষি কাজে ব্যবহৃত হতে হবে। কৃষিজমির পরিমাণ ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না। সড়ক, ড্রেনেজ, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি সরবরাহসহ মৌলিক নাগরিক সুবিধা থাকতে হবে। সংশ্লিষ্ট এলাকার নিজস্ব রাজস্ব আয়ের সক্ষমতা থাকতে হবে।
আইন অনুযায়ী, পৌরসভা ঘোষণার চূড়ান্ত ক্ষমতা স্থানীয় সরকার বিভাগের। তারা মাঠপর্যায়ের তদন্ত, জনসংখ্যা, আয়, অবকাঠামো ও নগরায়ণের অবস্থা যাচাই করে গেজেট প্রকাশের মাধ্যমে পৌরসভা ঘোষণা করে।
স্থানীয় প্রতিনিধির বক্তব্য
স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, “মোকামতলা একটি গ্রামীণ বন্দর। মহাসড়কের দুই পাশে কিছু দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বড় হাটবাজার নেই। ফলে রাজস্ব আয়ের তেমন উৎস নেই। প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার মানুষের বসবাস নেই এখানে। পুরোটা গ্রামীণ জনপদ। অধিকাংশ মানুষ এখানে কৃষির ওপর নির্ভরশীল। কৃষিজমির পরিমাণ এখানে সবচেয়ে বেশি। সড়ক, ড্রেনেজ, শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও স্বাস্থ্যসেবা, পানি সরবরাহসহ মৌলিক নাগরিক সুবিধা এখানে নাজুক। সবেমাত্র উপজেলা ঘোষণা করা হয়েছে। এখনও কার্যক্রম শুরু হয়নি। পৌরসভা গঠনের কোনও যোগ্যতা নেই।”
ইউএনও’র মতামত
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি মোকামতলাকে পৌরসভা ঘোষণা করা হোক। আইন অনুযায়ী, পৌরসভা ঘোষণার আগে সংশ্লিষ্ট এলাকাকে শহর ঘোষণা করতে হয়। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে মোকামতলা ইউনিয়নের ১০টি মৌজাকে শহর ঘোষণা করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে। কারও কোনও আপত্তি থাকলে এক মাসের মধ্যে তা লিখিতভাবে দিতে হবে। আপত্তি শুনানি ও নিষ্পত্তি করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সুশাসন সংগঠনের সমালোচনা
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম তুহিন বলেন, “এই মুহূর্তে সরকারকে অর্থনীতির নানা নতুন নতুন চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলা করতে হচ্ছে। বগুড়া উন্নয়নবঞ্চিত জেলা। সরকারের চার মাসেই বগুড়া সিটি করপোরেশন এবং শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়নের নামকরণ এবং এক উপজেলায় অতিমাত্রায় উন্নয়ন বরাদ্দ নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছে। এতে সরকারও অনেকটা বিব্রত। মোকামতলা সবেমাত্র উপজেলা ঘোষণা করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নসহ আইনের শর্ত মেনে আরও পরে পৌরসভা গঠন করা হলে সরকারের বদনাম হবে না। তবে এত দ্রুত করা ঠিক হবে না।”



