পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। যে কোনো মুহূর্তে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা।
১৪৪ ধারা জারি
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে পবিত্র ঈদ উল আযহার আগের রাত ১২টা পর্যন্ত সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর ডাইকের পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট হিসেবে পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক পাবনার বরাবর আবেদন করা হয়। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পৌর প্রশাসকের পক্ষ থেকে গত ১৯ মে উপজেলা পরিষদ হল রুমে হাট ইজারা নিলাম ডাকের আয়োজন করেন।
নিলাম ডাকে উত্তেজনা
হাট ইজারা নিতে আসা ব্যক্তিরা ইজারার শর্ত অনুযায়ী ২৬ জন (প্রতি জন) বিশ হাজার টাকা করে পৌর প্রশাসকের নিকট জমা দিয়ে হাট ইজারায় অংশগ্রহণ করেন। এসময় হাট ইজারায় অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নিলাম ডাক স্থগিত করেন। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় ওই অস্থায়ী পশুর হাট উভয়পক্ষকে নিয়ে নিলাম ডাকের আয়োজন করেন উপজেলা প্রশাসন। পশুর হাট নিলাম ডাকে অংশ নেয়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ হল রুম বের হয়ে যান। এসময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জামায়াতের বক্তব্য
এ বিষয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান সাংবাদিকদের জানান, অস্থায়ী পশুর হাট নিয়ে আজকে (২১ মে) নিলাম উন্মুক্ত ডাক ছিল। প্রশাসনের উপর নিচের মহলের যোগসাজশে সাঁথিয়া অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে।
বিএনপির বক্তব্য
অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানায়, পৌরসভার রাজস্ব উন্নয়নের স্বার্থে এবং পৌর প্রশাসকের আহ্বানে আমরা নিলাম ডাকে অংশগ্রহণ করতে যাই। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং টেবিল চাপড়িয়ে হুমকি দিয়ে মব সৃষ্টি করে। তাই আমরা নিলাম ডাকে অংশগ্রহণ না করে চলে আসি।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুর হাট হিসেবে এখনও কোনো পক্ষকে ইজারা দেওয়া হয়নি। ওই হাটকে কেন্দ্র করে ইজারা প্রত্যাশী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ সংঘর্ষের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বার্থে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পবিত্র ঈদ উল আযহার আগের রাত ১২ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে ওই এলাকায় সব রকম আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।



