শিবগঞ্জে স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার, দখলমুক্ত হলো ৪১ শতক
শিবগঞ্জে স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী চক্রের দখলে থাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কমপক্ষে ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতক জমি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখল করে সেখানে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছিল।

দখলকারীদের পরিচয়

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪০ শতক জমি দখলকারীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আজিজুল হক ছিলেন অন্যতম। তার দখলে ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি উপেক্ষা করে প্রভাবশালীরা বছরের পর বছর ধরে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে সেখানে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ মে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। কয়েকজন সদস্য সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল্যবান জায়গা দখলের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন। শোনার পর প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তদন্তে স্কুলের জমি দখলের সত্যতা পাওয়ায় তা উচ্ছেদ করে জমি উদ্ধারের সিদ্ধান্ত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উচ্ছেদ অভিযান

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সকাল ৮টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের সময় এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

প্রতিক্রিয়া

শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, তারা স্কুলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলে এক পর্যায়ে নিরাশ হন। অবশেষে জমিটি উদ্ধার হওয়ায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় কয়েকজন বলেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটেছে। স্কুলের দখল হওয়া সম্পদ ফিরে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

দখলকারীদের বক্তব্য নেই

অভিযোগের বিষয়ে জানতে ফোন করলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক ও অন্য দখলবাজদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের বক্তব্য

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে প্রতিমন্ত্রী গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্তে দখলের সত্যতা পাওয়ায় শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর স্কুলের মূল্যবান ৪১ শতক জমি বেদখলে ছিল।