গাজীপুরের ডিসি: নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে মাঠপর্যায়ে
গাজীপুরের ডিসি: নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় সরকার একযোগে বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা

সভায় জেলা প্রশাসক আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ ও কৃষি সহায়তা কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়াও খাল খনন, বৃক্ষরোপণ এবং জলাবদ্ধতা নিরসন পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।

নারী নিরাপত্তায় বিশেষ পরিবহণ

ডিসি আরও বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহণ সুবিধা চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথিরা

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।