ফ্রিদা কাহলো: শিল্পী থেকে ব্র্যান্ডে রূপান্তর ও খ্যাতির স্থানান্তর
ফ্রিদা কাহলো: শিল্পী থেকে ব্র্যান্ডে রূপান্তর

ফ্রিদা কাহলো (৬ জুলাই ১৯০৭—১৩ জুলাই ১৯৫৪) দীর্ঘদিন পরিচিত ছিলেন দিয়েগো রিভেরার স্ত্রী হিসেবে। এখন সেই চিত্র উল্টে গেছে; রিভেরা পরিচিত হন ‘ফ্রিদা কাহলোর স্বামী’ হিসেবে। মেক্সিকোর দুই বড় চিত্রশিল্পীর মধ্যে খ্যাতির এই স্থানান্তর শৈল্পিক ও ক্ষমতার প্রশ্ন তৈরি করে। কয়েক দশকের ব্যবধানে ফ্রিদা কাহলো তাঁর স্বামীর খ্যাতিকে ছাড়িয়ে গেছেন বহুদূর।

কিন্তু স্থানান্তরের আড়ালে লুকিয়ে আছে আরেক ধরনের স্থানান্তর: ফ্রিদা কাহলোর শিল্পী থেকে ব্র্যান্ডে রূপান্তর। এই দুই স্থানান্তরকে আলাদা করে দেখা ভুল হবে। রিভেরাকে ছাপিয়ে যাওয়া যদি ফ্রিদার জয় হয়, তবে সেই জয়ের ভেতরেই বসে আছে আরেক ঘাতক। কারণ, যে জায়গায় গিয়ে তিনি রিভেরাকে ছাপিয়েছেন, সেটা শিল্প-ইতিহাসের পাতা যেমন, তেমনই বাজার। রিভেরার ম্যুরাল আজও দেয়ালে আঁকা অবস্থাতেই আছে—প্রাতিষ্ঠানিক, স্থির ও রাষ্ট্রীয় সম্পত্তি। ফ্রিদার মুখ হাঁটাহাঁটি করছে পৃথিবীর প্রতিটি ট্যুরিস্ট মার্কেটে, প্রতিটি ফ্যাশন লেবেলে—একরকম মুক্ত ও ভাসমান চিহ্ন হয়ে; আর এই মুক্তভাবে ভাসতে থাকাটাই তাঁকে সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য করে তুলেছে, সবচেয়ে বেশি একাও করে দিয়েছে।

শিল্পী থেকে ব্র্যান্ড: পণ্যায়নের দ্বন্দ্ব

ফ্রিদা কাহলোর প্রতিকৃতি এখন বিশ্বব্যাপী পণ্যে পরিণত হয়েছে। কনভার্স ও জারা তাঁর ছবি বসিয়ে জুতা ও পোশাক বিক্রি করেছে। ম্যাটেল তাঁকে নিয়ে ‘ইনস্পায়ারিং উইমেন’ সিরিজের বার্বি ডল বানিয়েছে, যদিও তাঁর উত্তরসূরিদের অভিযোগ, ডলটা ফ্রিদার সিগনেচার এক ভ্রু মুছে ফেলে, চোখ হালকা করে, নিতম্ব সরু করে দিয়ে আসল ফ্রিদাকেই বিশ্বাসঘাতকতা করেছে। মেক্সিকোর আদালত শেষমেশ মেক্সিকোয় এই বার্বি বিক্রির অনুমতি দেয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এখানে প্রশ্ন দাঁড়ায়, পণ্যের দুনিয়ায় যে আখ্যানে ফ্রিদা-রিভেরাকে বিক্রি করা হয়, সেই আখ্যানে নারীর যন্ত্রণাটুকুই কি রোমান্টিক করে তোলা হয়, আর পুরুষের ক্ষমতার অপব্যবহারটুকু হয়ে যায় ‘শিল্পীর জটিলতা’? ফ্রিদার নিজের বহু সম্পর্কের কথাও সত্য; কিন্তু সেই তুলনাটা মিথ্যা সমতা তৈরি করে। কারণ, একজনের ক্ষমতা ছিল প্রাতিষ্ঠানিক; আর অন্যজনের ছিল প্রতিরোধ।

দিয়েগো রিভেরার দ্বৈত চরিত্র

দিয়েগো রিভেরার ম্যুরাল বিপ্লবের ভাষা। শ্রমিক, কৃষক, মেক্সিকান ইতিহাসের বিশাল ফ্রেসকো। প্রকাশ্যে তিনি সাম্যবাদী, নারী স্বাধীনতার কথা বলা মানুষ; কিন্তু ঘরের ভেতরের রিভেরা আর দেয়ালের রিভেরা একই মানুষ ছিলেন না। রিভেরা সারা জীবন নারী সম্পর্কে অগণিত, বহুবিবাহে অভ্যস্ত এক পুরুষ ছিলেন। সবচেয়ে গভীর ক্ষতটা তিনি করেছিলেন ফ্রিদার নিজের ছোট বোন ক্রিস্টিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে। এই সম্পর্কের কথা জেনে ফ্রিদা যে আঘাত পেয়েছিলেন, তা তিনি কখনো পুরোপুরি ভুলতে পারেননি।

এটা নিছক আরেকটা ‘পরকীয়া’ ছিল না। বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পরিবারের ভেতরেই। ফ্রিদা প্রতিক্রিয়ায় চুল কেটে ফেললেন, রিভেরা যে লম্বা চুল পছন্দ করতেন, সেটাই ধ্বংস করে দিলেন প্রতীক হিসেবে। ‘মেমোরি, দ্য হার্ট’-এর মতো ছবিতে সেই ক্ষত ফুটে উঠেছে। বুকের ভেতর ফাঁকা জায়গায় একটা লোহার রড, রক্তাক্ত হৃদয় মাটিতে পড়ে আছে।

রিভেরার নিজের ভাষাতেই তাঁর চরিত্রের একটা স্বীকারোক্তি পাওয়া যায়। তিনি বলেছিলেন, যে নারীকে তিনি বেশি ভালোবাসতেন, তাঁকে আঘাত করার ইচ্ছাও তত বেশি হতো তাঁর; আর ফ্রিদা ছিলেন তাঁর এই বিকৃতির সবচেয়ে স্পষ্ট শিকার। এই স্বীকারোক্তিটা মূল্যবান। কারণ, এটা দেখিয়ে দেয় ‘প্রেম আর নিয়ন্ত্রণ’ কীভাবে একসঙ্গে বাসা বাঁধে। বিশেষ করে যখন সম্পর্কের একপক্ষ বয়সে, খ্যাতিতে আর সামাজিক ক্ষমতায় বহুগুণ এগিয়ে থাকে।

ফ্রিদাম্যানিয়া ও পণ্যায়নের স্তর

‘ফ্রিদাম্যানিয়া’ শব্দটা নতুন নয়। ১৯৯২ সালে লস অ্যাঞ্জেলেস টাইমস ‘ফ্রিদাম্যানিয়া: হোয়্যার উইল অল এন্ড’ শিরোনামে একটা মন্তব্য প্রতিবেদন ছাপিয়েছিল। তারপর থেকে শব্দটা একাডেমিক আলোচনাতেও ঢুকে পড়ে। ২০২১ সালে এমোরি ইন্টারন্যাশনাল ল রিভিউতে ‘অউনিং ফ্রিদা কাহলো’ শিরোনামে একটা সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশিত হয়।

এর পরের গল্পটা পুঁজিবাদের চেনা প্যাটার্ন, একই সঙ্গে এটা স্তরে স্তরে বিস্তৃত হয়েছে। প্রথমত, ফ্যাশন আর বহুজাতিক পণ্য। দ্বিতীয়ত, মালিকানার লড়াই। পানামাভিত্তিক ফ্রিদা কাহলো করপোরেশন তার নামস্বত্ব দাবি করে; আর ১৯৫৫ সালে দিয়েগো রিভেরা নিজেই যে ট্রাস্ট গঠন করেছিলেন তাঁদের দুজনের কাজ ও সম্পত্তি জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করতে, তার সঙ্গে এই করপোরেশনের ব্যবসায়িক আচরণ সরাসরি সংঘাতে জড়িয়েছে। যার সবচেয়ে চরম উদাহরণ ফ্রিদা কাহলো টাকিলা। একজন কমিউনিস্ট, মদ্যপান-ক্লিষ্ট, দীর্ঘমেয়াদি ব্যথায় ভোগা শিল্পীর নাম ব্যবহার করে বিক্রি হওয়া অ্যালকোহল।

জনপ্রিয় আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম এটসিতে (Etsy) ‘ফ্রিদা কাহলো’ লিখে খুঁজলে প্রায় ২০ হাজার ফলাফল আসে, আর এই বাজার এখন এতটাই মূল্যবান যে ছোট শিল্পীরাও করপোরেশনের সঙ্গে মামলায় জড়িয়ে পড়ছেন। একজন ক্যালিফোর্নিয়ার শিল্পী আদালতে গেছেন—এই দাবিতে যে তাঁকে নিজের আঁকা ফ্রিদা-অনুপ্রাণিত কাজ অনলাইনে বিক্রি করতে দেওয়া হোক, করপোরেশনের টেকডাউন নোটিসের ভয় ছাড়াই।

প্রাতিষ্ঠানিক প্রদর্শনী ও উত্তরাধিকার

তৃতীয়ত, জাদুঘর ও প্রাতিষ্ঠানিক প্রদর্শনী। এখানে জটিলতা আরও প্রকট। কারণ, পণ্যায়ন এখন শুধু রাস্তার কিয়স্কে সীমাবদ্ধ নয়, ঢুকে পড়েছে প্রতিষ্ঠিত জাদুঘরের ভেতরেও। হিউস্টনের মিউজিয়াম অব ফাইন আর্টসের একটা প্রদর্শনীতে সাতটা সেকশনের একটা পুরোটাই বরাদ্দ ছিল ‘ফ্রিদাম্যানিয়া’ নামে। যেখানে তার মুখ কীভাবে চাবির রিং আর ম্যাগনেটে রূপান্তরিত হয়েছে তার প্রদর্শনী। শিল্পসমালোচকদের ভাষায়—এটা একরকম ‘ফেটিশিস্ট এক্সোটিসিজম’-এর নির্মাণ, যেখানে ফ্রিদার প্রকৃত কাজ দর্শকের নজরে হারিয়ে যায় নিজের ইমেজের ভারেই।

লন্ডনের টেট মডার্নেও ২০২৬-২৭ জুড়ে ‘ফ্রিদা: দ্য মেকিং অব অ্যান আইকন’ নামে একটা প্রদর্শনী আসছে। নামেই স্পষ্ট—এটা শিল্প নিয়ে নয়, ইমেজ-নির্মাণ নিয়ে প্রদর্শনী; আর সেপ্টেম্বর ২০২৫ সালে মেক্সিকো সিটিতে খোলা কাসা রোহা (Casa Roja) জাদুঘর ফ্রিদার পরিবারের বংশধরদের দ্বারা পরিচালিত। এটাও ইঙ্গিত দেয়, ফ্রিদার উত্তরাধিকার এখন পরিবার, করপোরেশন আর রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে থাকা এক প্রতিদ্বন্দ্বিতার বিষয়।

এখানে একটা উপনিবেশ-উত্তর মোচড় আছে, যেটা সহজে চোখ এড়িয়ে যায়। ফ্রিদার ছবি নিউইয়র্কের ব্যাগে যত সহজে পাওয়া যায়, মেক্সিকো সিটির রাস্তায় ততটা নয়। মেক্সিকোয় বেড়ে ওঠা মানুষদের কাছে ফ্রিদা-বিষয়ক টি-শার্ট পরাটা রোজকার দৃশ্য নয়; বরং সেটা বিদেশি পর্যটকের চিহ্ন। একজন সাক্ষাৎকারদাতা এ ঘটনাকে চে গুয়েভারার সঙ্গে তুলনা করেছেন। একটা সমাজতান্ত্রিক প্রতীক থেকে সংস্কৃতি-পুঁজিবাদের পণ্যে রূপান্তরিত হওয়া, রাজনীতিমুক্ত, বিক্রয়যোগ্য।

রাজনীতি, যন্ত্রণা ও বিকৃতি

ফ্রিদা কিশোরী বয়সেই মেক্সিকান কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তাঁর ঘরের শয্যা-শিয়রে মার্ক্স, এঙ্গেলস আর লেনিনের ছবি সাঁটা ছিল। ডায়েরিতে লিখেছিলেন, কমিউনিজমের মধ্য দিয়েই মানুষ পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে বলে তিনি বিশ্বাস করেন। মৃত্যুর ১১ দিন আগেও শরীর প্রায় অচল অবস্থায়, তিনি গুয়াতেমালার নির্বাচিত সরকার উৎখাতের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলে অংশ নেন। মৃত্যুর পর তাঁর কফিনে জড়ানো হয়েছিল কাস্তে-হাতুড়ি আঁকা লাল পতাকা।

ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে ফ্রিদার একটা পা সরু ও ছোট হয়ে যায়। ১৮ বছর বয়সে এক বাস দুর্ঘটনায় তাঁর শরীর একরকম ভেঙে যায়। মেরুদণ্ড, পাঁজর, পেলভিস ভাঙে—সারা জীবনের জন্য যন্ত্রণা সঙ্গী হয়ে যায়। এই যন্ত্রণা থেকেই আঁকা শুরু। ‘দ্য ব্রোকেন কলাম’-এ তিনি নিজের শরীরকে দেখান একটা ভাঙা গ্রিক স্তম্ভ হিসেবে, শরীরজুড়ে পেরেক গাঁথা। ‘হেনরি ফোর্ড হসপিটাল’-এ আঁকেন নিজের গর্ভপাতের যন্ত্রণা, রক্তাক্ত বিছানায় শুয়ে থাকা শরীর থেকে নাড়ির মতো সুতায় বাঁধা কয়েকটা প্রতীকী বস্তু। এই ছবিগুলো তার আগে কোনো নারী শিল্পী এমন প্রত্যক্ষভাবে আঁকেননি।

ফ্রিদার আত্মপ্রতিকৃতিগুলো ব্যক্তিগত যন্ত্রণা, শরীর, গর্ভপাত, বিচ্ছেদ থেকে উঠে আসা রাজনৈতিক ভাষ্য। নারীবাদী শিল্পতত্ত্বের একটা কেন্দ্রীয় দাবিই তো এটা, যে ব্যক্তিগত অভিজ্ঞতা রাজনীতি-বহির্ভূত নয়; কিন্তু ইনস্টাগ্রাম-পিন্টারেস্টের ‘অনুপ্রেরণামূলক’ উদ্ধৃতি-কার্ডে যে ফ্রিদা ঘোরাফেরা করেন, সেখানে তার কমিউনিস্ট রাজনীতি, ঔপনিবেশিকতাবিরোধী অবস্থান প্রায় অনুপস্থিত। যন্ত্রণাটুকু থাকে, রাজনীতিটুকু বাদ পড়ে। কারণ, যন্ত্রণা বিক্রয়যোগ্য, রাজনীতি অস্বস্তিকর।

ফ্রিদার যৌনতাও তাঁর রাজনীতির অংশ। তিনি নারী ও পুরুষ দুই পক্ষের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, প্রথাগত নারীত্বের ছকে না গিয়ে ‘সেলফ-পোর্ট্রেট উইথ ক্রপড হেয়ার’-এ নিজেকে দেখিয়েছেন খাটো চুল আর পুরুষের স্যুট পরা অবস্থায়। এই বহুমাত্রিক পরিচয়, প্রতিবন্ধী, উদ্ভ্রংশ-লিঙ্গকামী, মেস্তিসো, রাজনৈতিকভাবে উগ্র নারী, আজকের নারীবাদী ও কুইয়ার আলোচনায় তাঁকে একজন অগ্রদূত করে তোলে। কিন্তু ঠিক এই জটিলতাগুলোই সবচেয়ে বেশি ছেঁটে ফেলা হয়, যখন তাঁর মুখ একটা টোটব্যাগে ছাপা হয়।

তাত্ত্বিক দৃষ্টিকোণ ও উপসংহার

এই রূপান্তরটা বোঝার জন্য তিনজন তাত্ত্বিকের কথা কাজে লাগে। ওয়াল্টার বেনিয়ামিনের মতে যান্ত্রিক পুনরুৎপাদন একটা শিল্পকর্মের ‘অরা’ অর্থাৎ তার একবারই-এখানে-থাকা বা অনন্য উপস্থিতিকে নষ্ট করে দেয়। ফ্রিদার একটা আত্মপ্রতিকৃতি যখন হাজারবার মগ-ব্যাগ-মুঠোফেনের কভারে ছাপা হয়, তখন সেই একবারের উপস্থিতিটা মুছে যায়। জাঁ বদ্রিয়ার আরেক ধাপ এগিয়ে বলেন, এই পুনরুৎপাদনের চক্রে কপি আর মূলের ফারাকটাই একসময় অর্থহীন হয়ে পড়ে। চিহ্নটা কেবল আরেকটা চিহ্নকে নির্দেশ করে বাস্তব রেফারেন্স ছাড়াই। ফ্রিদার মুখ তখন আর ফ্রিদা কাহলো নামের একজন মানুষকে নির্দেশ করে না, সেটা নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ স্টাইল, একটা ‘ভাইব’।

ফ্রিদা কাহলো একসঙ্গে দুই জায়গায় থাকেন। একদিকে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর ও চিত্রশিল্পী, যার কাজ ব্যথা, শরীর, জাতীয়তাবাদ আর লিঙ্গ-রাজনীতিকে একসঙ্গে ধরে; আর যার ব্যক্তিগত জীবন এমন এক পুরুষের ছায়ায় কেটেছে, যার প্রকাশ্য বিপ্লব আর ঘরের ভেতরের আচরণের মধ্যে বিস্তর ফারাক ছিল। অন্যদিকে বিশ্বায়িত পুঁজির এক নিখুঁত পণ্য, যেখানে মুখটা সর্বত্র দৃশ্যমান, রাজনীতিটা প্রায় অদৃশ্য।

এই দুটির মধ্যে কোনটা ‘আসল’ ফ্রিদা—এই প্রশ্নটাই ভুল প্রশ্ন হয়তো; বরং প্রশ্ন হওয়া উচিত, কোন কাঠামো, কোন প্রণোদনা একজন কমিউনিস্ট, প্রতিবন্ধী, উদ্ভ্রংশ-লিঙ্গকামী নারী শিল্পীকে টি-শার্টে পরিণত করার সুযোগ তৈরি করে; আর সেই কাঠামোর ভেতরে দাঁড়িয়ে আমরা দর্শকেরা ঠিক কী উপভোগ করছি। শিল্পকে, নাকি শিল্পীর যন্ত্রণার একটা বিক্রয়যোগ্য সংস্করণকে?