সাভারে শীর্ষ মাদক কারবারি শামীমের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের পর এবার সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পূর্ববর্তী ব্যবস্থা
এর আগে সোমবার একই অভিযোগে সাভার মডেল থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই আসিফুর এবং এএসআই মো. মেরাজকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ জানায়, গত তিন দিন আগে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে।
মামলা ও গ্রেপ্তার
এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ও সাভারের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া
এর আগে সাভারে সাংবাদিকদের ওপর মাদক কারবারির হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার তথ্য দিয়ে সাহায্য করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা তথ্য দেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আইজি আছেন, এখনই ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিবরণ
প্রসঙ্গত, সাভার পৌর এলাকার রাজাশনে মাদক আখড়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত শুক্রবার (২২ মে) বিকালে চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মাদক কারবারি শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরুতর আহত হন। আহতরা হলেন- এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনসহ তাদের ক্যামেরা পারসন। আহতদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।



