খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া একটি ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
মাটিরাঙায় গুলিতে একজনের মৃত্যু, অস্ত্রসহ আটক
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকা থেকে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরার লাশ উদ্ধার করা হয়। এ সময় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তৈকাথান এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সময় সেখানে অবস্থানরত ইউপিডিএফ সদস্যরা গুলি ছোড়ে বলে দাবি করা হয়। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার এবং মংসানু মারমাকে আটক করা হয়।
দীঘিনালায় গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
অন্যদিকে একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় জেএসএস (জনসংহতি সমিতি) ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় সুজন চাকমা নামে একজন নিহত হন।
পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় মাটিরাঙা থানার ওসি মো. সাহেদ উদ্দিন ও দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।



