সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে বার্মা স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

মৃতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। তিনজনের লাশই উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের লাশ উদ্ধার করা হয়। পরে সুরাইয়ার লাশও উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতদের বাড়ি

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে কাজের সন্ধানে তিনি গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন। অপরদিকে, গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটল- তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ