কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে আবার ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে। অভিযোগ আছে, ওই সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে নগদ ৭৫ হাজার টাকা, ২টি মুঠোফোন, ইঞ্জিনের যন্ত্রাংশ ও রান্নার সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ডাকাতির ঘটনার বিবরণ
ভুক্তভোগী সদরঞ্জন দাসের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে। আরেকজনকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় হাঁসের বাচ্চা কিনতে তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে নৌকার গতি রোধ করে। পরে নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, ২টি মুঠোফোন ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নেয়।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও পুলিশের অবস্থান
নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া বলেন, বগাডুবি খালের দিক থেকে একটি নৌকা থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় পান। পরে তাঁদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতেরা এলংজুরী ইউনিয়নের দিকে চলে যাওয়ায় অন্ধকারে আর তাদের খুঁজে পাওয়া যায়নি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী ডাকাতির ঘটনা ও উদ্বেগ
এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার চংনোয়াগাঁও স্লুইসগেট এলাকায় একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তিরা জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে বলে অনুরোধ করলেও ডাকাতেরা তা উপেক্ষা করে অস্ত্রের মুখে লুটপাট চালায়। গত এক মাসে হাওরে অন্তত তিনটি ডাকাতির ঘটনায় নৌযাত্রী ও মাঝিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয় লোকজন হাওরাঞ্চলে নৌ-পুলিশের টহল জোরদার করার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশের পদক্ষেপ ও পরামর্শ
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এক মাস আগে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি দুই ডাকাতির ঘটনায়ও জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, করিমগঞ্জের বালিখলা ফেরিঘাট, নিকলী বেড়িবাঁধ এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে তিনটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপনসহ হাওরে ডাকাতি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর হাওরে নৌযাত্রা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।



