টাঙ্গাইলে জঙ্গলে পরিত্যক্ত নবজাতক কন্যাশিশু উদ্ধার
টাঙ্গাইলে জঙ্গলে পরিত্যক্ত নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা শারমিন বেগম জানান, তিনি প্রথমে রাস্তার পাশের জঙ্গলে কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি তার ভাগ্নে রফিকুল ইসলামকে ডাকেন। রফিকুল এসে জঙ্গলের ভেতরে নবজাতক শিশুটিকে দেখতে পান। শারমিন বেগম শিশুটিকে কোলে তুলে নেন। তিনি বলেন, “নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।”

রফিকুল ইসলাম বলেন, “আমি বাড়িতে খেতে বসেছিলাম তখন আমার খালা ডাক দেয়। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতক কন্যাশিশুটিকে কোলে তোলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও তদন্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। নবজাতক শিশু উদ্ধারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।

মো. ইকবাল হোসেন বলেন, “বিকালে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যাশিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার হওয়া নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ