বিএসএফের ২৪ জন পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
বিএসএফের ২৪ জন পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ২৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ১৩ জন, লালমনিরহাটের পাটগ্রাম দিয়ে চারজন, জয়পুরহাট সদর দিয়ে তিনজন ও দিনাজপুর দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করে। পরে বাধা পেয়ে বিএসএফ পিছু হটে। তবে বৈরী আবহাওয়ায় পুশইনের শিকার নারী-পুরুষরা সীমান্তে ভোগান্তি পোহাচ্ছেন।

পঞ্চগড়ে ১৩ জন পুশইন ব্যর্থ

পঞ্চগড়ের মাঝিপাড়া সীমান্তের বিপরীতে ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল সেখানে পৌঁছে কঠোর অবস্থান নেয়। এরপর বিএসএফ তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্যা মোহাম্মদ কায়েস বলেন, “পুশইনের জন্য নিয়ে আসা ১৩ জন ভারতের সীমান্তের ভেতরেই ছিল। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।” পুশইন ঠেকাতে পঞ্চগড়ের পুরো সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাটে তিন নারী পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতি গ্রামের সীমান্ত দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিন নারীকে ভোরে পুশইনের চেষ্টা চালায়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফকে সতর্কবার্তা দেয়। বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ পিছু হটে এবং ওই তিন নারীকে নিয়ে ভারতের ১৫০ গজ ভেতরে চলে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনাজপুরে চারজন শূন্যরেখায়

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে এক নারীসহ চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। ওই চার ব্যক্তি এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, “তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। তারা কোন দেশের নাগরিক সেটা নিশ্চিত হতে আমরা কাজ করছি। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।”

জয়পুরহাটে তিনজন পুশইন, পতাকা বৈঠক ব্যর্থ

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভোর ৪টার দিকে বিএসএফ সদস্যরা তিনজনকে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঁটা হাতে সীমান্তে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং বিজিবিকে জানায়। বিজিবির টহল দল দ্রুত পৌঁছে কঠোর অবস্থান নেয়। গ্রামবাসী ও বিজিবির যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। পরে পুশইনের শিকার তিনজনকে শূন্যরেখায় নিজেদের হেফাজতে নেয় বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। ওই তিনজনকে বিএসএফ ফেরত নিতে অস্বীকার করায় বিকাল ৫টা পর্যন্ত তারা শূন্যরেখাতেই অবস্থান করছিলেন।