কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মো. ইফাত (৬)। সে ওই এলাকার লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে এবং স্থানীয় বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার বিবরণ
শিশুটির মামা স্বাধীন হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে ইফাত ও তার চাচাতো ভাই সামাদ (১১) ছাগল চরানোর জন্য বাড়ি থেকে বের হয়। প্রায় এক ঘণ্টা পর সামাদ বাড়ি ফিরে এলেও ইফাত না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ড্রেনের পানিতে স্যান্ডেল ভাসতে দেখে সেখান থেকে ইফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবহেলার অভিযোগ
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক বছর আগে ড্রেন নির্মাণের জন্য খননযন্ত্র দিয়ে সরু নালা তৈরি করা হলেও এখনও নির্মাণকাজ শুরু হয়নি। বৃষ্টির পানিতে জমে থাকা ওই নালাটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় ইফাতের অকালমৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।
চাচা সামছুম আলম বলেন, 'এক বছর আগে ড্রেনের জন্য খাল কাটলেও কাজ শেষ হয়নি। সেখানে মানুষসমান পানি জমে আছে। পানিতে পড়ে আমার ভাতিজার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য ঠিকাদার দায়ী। আমরা এর বিচার চাই।'
পরিবারের শোক
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তান হারিয়ে ইফাতের মা শারমিন আক্তার পাগলপ্রায়। তিনি বিলাপ করতে করতে বলেন, 'ওরে বুকে ধরি কী শান্তি, বুকি ধরবরে! ওহ আমার কোলে দেন, বুকি ধরবরে, বুকে ধরে কী শান্তি! আমি ওরে দেখে রাখতি পারি নাই।'
ইফাতের বাবা কামরুল হাসান অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার নাকে অক্সিজেন লাগানো রয়েছে।
ঠিকাদারের বক্তব্য
এলাকার বাসিন্দারা জানান, লিটন আলী নামে এক ঠিকাদার কাজ করছেন। মুঠোফোনে লিটন আলী প্রথম আলোকে বলেন, এলংগী এলাকায় ড্রেনেজের কাজ চলছে তাঁর। কাগজপত্রাদি দেখে বিস্তারিত বলা যাবে। পরে শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কিছুই জানেন না এবং পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আখতার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ঠিকাদারের অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নির্মাণাধীন ড্রেনেজে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



