বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে সিঁধকেটে চুরি করতে আসা এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৩২)। শুক্রবার (৮ মে) সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। রাত আনুমানিক ৩টার দিকে তিনি সিঁধকেটে শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বসতবাড়িতে প্রবেশ করেন।
গণপিটুনিতে মৃত্যু
বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলেন। পরে তারা সেলিম মিয়াকে আটক করেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাকে বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ব্যবস্থা
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



