নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পর্শে আফসান নামে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
মৃত আফসান হোসেন ওই গ্রামের জুয়েল মোল্লার ছেলে। মৃতের বাবা জুয়েল বলেন, ঘটনার সময় আফসানের মা তাকে বাড়ির ভেতরে বসিয়ে রাখেন। সেখানে খেলাধুলা করছিল আফসান। তাদের রুম থেকে গোসলখানার পাশেই থাকা গোয়ালঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। অসাবধানতাবশত একটি টিনের সঙ্গে বিদ্যুতের লাইনের সংযোগ লেগে টিনে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। খেলতে খেলতে শিশুটি হঠাৎ করে ওই টিনে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
মায়ের প্রতিক্রিয়া
শিশুটির মা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে তার জ্বর এসেছে মনে করে মাথায় পানি দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



