চাঁদপুরের হাজীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক পাহারাদারের। রোববার (৩১ মে) সকালে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।
কীভাবে ঘটল দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের পেছনে বোগদাদ পরিবহণের আরেকটি বাস চলছিল। ওভারটেকিং নিয়ে দুই বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোগদাদ পরিবহণের বাসটি আইদি পরিবহণকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু আইদি বাসটি জায়গা না দেওয়ায় বোগদাদ পরিবহণটি বিপজ্জনকভাবে রাস্তার পাশে ঢুকে পড়ে।
এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে বাসটি চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
প্রত্যক্ষদর্শী মাওলানা আমান উল্লাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টুসহ একাধিক ব্যক্তি জানান, দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দরিদ্র একজন মানুষের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।
পুলিশের কার্যক্রম
হাজীগঞ্জ থানার ওসি মো. মান্নান বলেন, ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



