জ্বালানি খাতে লুটপাট অব্যাহত থাকলে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল ইসলাম
জ্বালানি লুটপাট অব্যাহত থাকলে সরকারের হাতে হারিকেন: তারিকুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, জ্বালানি খাতে লুটপাট অব্যাহত থাকলে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে। সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত হারিকেন মিছিল শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ হয়ে পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। তারিকুল ইসলাম বলেন, সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল আর জ্বালানির দাম বাড়ানো হবে না। কিন্তু দেশের মানুষ যখন ঈদের প্রস্তুতি ও আনন্দে ব্যস্ত, তখন রাতের আঁধারে আবারও তেলের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আমাদের প্রশ্ন, সরকার বারবার তেলের দাম বাড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কথা কি একবারও ভাবছে?

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেমন জ্বালানি খাতে ব্যাপক লুটপাট হয়েছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। এর ফলে জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোগান্তি দূর করার পরিবর্তে নিজের পিআর কার্যক্রম নিয়েই বেশি ব্যস্ত। তার কর্মকাণ্ড দেখে মনে হয়, তিনি সাধারণ মানুষের নয়, গুলশান-বনানীর মানুষের প্রধানমন্ত্রী হতে চান।

ইসলামী ব্যাংক প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারের উচিত ছিল বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করা। কিন্তু সরকার উল্টো বিরোধীদের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, সরকার যতদিন জনগণের স্বার্থে কাজ করবে, ততদিন আমরা ইতিবাচক অবস্থানে থাকবো। কিন্তু যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।