বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা কমিটির এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম।
সাংগঠনিক সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শিক অবস্থান ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে জেলা কমিটির শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের দাবি, খন্দকার আল ইমরান একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রচারণামূলক পোস্ট শেয়ার করছিলেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।
অভিযোগের জবাবে ইমরানের বক্তব্য
অভিযোগের বিষয়ে খন্দকার আল ইমরান বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা আগেই সংগঠনের নেতাকর্মীদের জানিয়েছিলেন। সে কারণে সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র ও ছাড়পত্র চেয়েছিলেন।
এ বিষয়ে জান্নাতুল ফিরদাউস মিম বলেন, সদস্যসচিব পদে থেকে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।



