আট মিয়ানমার নাগরিক গ্রেপ্তার
রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের মধ্যেই বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের আট নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারী ও এক শিশুকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে (পুশব্যাক)। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে এসব ঘটনা ঘটে।
বিজিবি ও পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪১ নম্বর সীমান্ত পিলারের গাছবুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই আটজনকে আটক করা হয়। পরে তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। তাঁদের ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বাসিন্দা।
তদন্ত ও পুশব্যাক
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “অনুপ্রবেশের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য কি না, তার অনুসন্ধান চলছে।”
একই দিন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক দুই নারী ও এক শিশুকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “রাখাইনে চলমান সংঘাতের কারণে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও চোরাচালান, মানব পাচার এবং সীমান্তকেন্দ্রিক অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।”



