নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ১১ নাগরিক আটক, ৮ জনের মামলা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পৃথক অভিযানে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এর মধ্যে ৮ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি ৩ জনকে সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে।

যৌথ অভিযানে ৮ জন আটক

শুক্রবার (১০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের ভেতর থেকে ৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মংবা তংচংগা (৩৪), মং এম (২০), কিংলা থুয়াং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতান নাইং (২০) ও মংতা নাইং (২০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুশব্যাক করা ৩ জন

পুশব্যাক করা তিন জন হলেন- মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) ও মেতু মং তংচঙ্গা (১২)। তাদের কারও কাছে পাসপোর্ট, ভিসা বা বাংলাদেশে প্রবেশের বৈধ কোনও ভ্রমণ নথি ছিল না এবং সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকিবুনিয়া এলাকার বিভিন্ন গ্রামে।

জাল নথি ও মামলা

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের একজন মংবা তংচংগা নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের কপি দেখান। তবে যাচাইয়ে ওই নথির সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়নি। এ কারণে নথিগুলো জাল বা প্রতারণার উদ্দেশে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় শুক্রবার রাতে রেজুপাড়া বিওপির নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পুলিশ ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬–এর ১৪ ধারায় মামলা নিয়ে আটক আট জনকে আদালতে পাঠিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, "বিজিবির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।"

আরও তিন নারী আটক ও পুশব্যাক

একই দিন দুপুরে ৩৪ বিজিবির গর্জনবুনিয়া বিওপির সদস্যরা গর্জনবুনিয়া এলাকার লেড়ায়ার তংচইঙ্গা বাড়ি এলাকা থেকে আরও তিন জন মিয়ানমারের নারীকে আটক করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৭/২ নম্বর পিলারের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বাধীন আমবাগান এলাকা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

বিজিবির অবস্থান

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, "সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচার, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।"