জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিলেও গোপালগঞ্জ জেলায় কর্মসূচি করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পদযাত্রা কর্মসূচি ঘোষণা ও বাতিল
এর আগে শনিবার (৪ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তবে ঘোষণার এক ঘণ্টা পরই গোপালগঞ্জের কর্মসূচি বাতিল করেছে দলটি।
এদিন রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সহিংসতার ইতিহাস ও বাতিলের কারণ
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। দলের একটি সূত্র জানিয়েছে সহিংসতা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে। বিজয় কনসার্ট ছাড়াও ২৬ জুলাই এক দফা ঘোষণার দিন এবং ৩ আগস্ট আরও বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে।”



