হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শামীম মিয়ার নামে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার নেতারা মঙ্গলবার (২৩ জুন) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
এ সময় উপস্থিত ছিলেন- মাধবপুর থানার ওসি সোহেল রানা এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। এছাড়া জুলাই বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম বাবলু, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলার প্রথম সংগঠক ও নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান।
সড়কটির দৈর্ঘ্য ও নামকরণের প্রস্তাব
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ শামীম মিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তার আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাধবপুর বাজারের উপজেলা বাউন্ডারি সংলগ্ন নতুন সড়ক—কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার রাস্তার নাম ‘জুলাই শহীদ শামীম মিয়া সড়ক’ রাখার দাবি জানানো হয়েছে।
শহীদ শামীম মিয়ার আত্মত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ হিসেবে শামীম মিয়া দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তার এই আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম যাতে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে পারে, সে জন্যই এই সড়কের নামকরণের দাবি জানানো হয়েছে।



