বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘রাজনীতির নামে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চোখ রাঙানি আস্ফালন বরদাশত করা হবে না। তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে কঠোরহস্তে দমন করা হবে।’
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোড, গৌরীপুর, শহীদনগর, জিংলাতলী, রায়পুর ও ইলিয়টগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অব্যাহত ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা এবং পৌর বিএনপি এই প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে।
আওয়ামী লীগের সমালোচনা
ড. খন্দকার মারুফ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ কখনও গণতন্ত্র বিশ্বাস করে না। তারা গণতন্ত্র ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। দিনের ভোট রাতে এবং আমি-ড্যামি নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ গায়ের জোরে গত ১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং গণতন্ত্রসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে।’
বর্তমান সরকারের প্রশংসা
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে যখন দ্রুত উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছে, তখন দেশের উন্নয়ন কাজ ব্যাহত এবং শান্তি বিনষ্ট করতে আওয়ামী লীগ তাদের পুরনো চরিত্র বিধ্বংসী মনোভাব নিয়ে চোখ রাঙাচ্ছে, দেশের মানুষকে আস্ফালন দেখাচ্ছে। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ, বিএনপি এইসব গণবিরোধী অপতৎপরতা নস্যাৎ করে দেবে।
প্রতিরোধের হুঁশিয়ারি
বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, ‘দেশের জনগণ ভালো থাকুক, শান্তিতে থাকুক- আওয়ামী লীগ কখনোই তা চায় না। দেশকে অস্থিতিশীল করতে তারা আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থরক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী সকল কর্মকাণ্ড শক্তহাতে প্রতিরোধ করা হবে। জনগণের ধাওয়া খেলে আওয়ামী সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।’
সমাবেশে উপস্থিত নেতারা
ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী ও সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা আহান্মদ হোসেন তালুকদার, কামাল হোসেন, আরিফ মাহামুদ, কেন্দ্রীয় যুব দলের সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন ভুইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, ছাত্রদল নেতা আবদুল বাসেদ ও রিমন খন্দকার প্রমুখ।
নেতাকর্মীদের প্রতি আহ্বান
তিনি প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও মানুষের জানমাল হেফাজতে সন্ত্রাসী সংগঠনের সকল অপকর্মের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
একই দিন সকালে ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



