বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, আগে ছাত্রলীগ হামলা করতো 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে, কিন্তু এখন ছাত্রশিবির হামলা শুরু করেছে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' বলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ঈশ্বরদী কলেজে শিবিরের তাণ্ডব
তিনি বলেন, এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে। ক্ষমতায় থাকলে নাকি সেই ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথমবারের মতো বিরোধীদল হয়ে ছাত্রশিবিরের দাপট।
ক্যাম্পাস দখল ও রাজনীতি
রাশেদ বলেন, সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে ক্যাম্পাস দখল করে রেখেছে তারা এবং ছাত্রদল কোনো ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর আগে হল কমিটি গঠন নিয়ে একই নাটক করেছিল। কিন্তু নির্বাচনের আগে ও পরে দেখেছি জামায়াতে ইসলামীর ভোট চাওয়ার নামে ছাত্রশিবির সবচেয়ে বেশি লেজুড়বৃত্তি করেছে। তারা তো ডাকসুসহ সকল ছাত্র সংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে।
গণঅভ্যুত্থানের অংশীজনদের বিতর্কিত করা
বিএনপির এ নেতা আরও বলেন, এছাড়া নিজেদের স্টেক ও ক্রেডিট নিতে গিয়ে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের বিতর্কিতও করেছে। এনসিপির মতো কেউ কেউ পরবর্তীতে জামায়াত জোটে গিয়ে কোনো রকম বেঁচে আছে।
পবিত্র স্লোগানকে ব্যবহারের অপচেষ্টা
পোস্টের শেষে রাশেদ বলেন, জামায়াত শিবিরের রাজনীতি এমন যে, ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়। কিন্তু আজকে দেখলাম হামলার সময় 'নায়ারে তাকবীর আল্লাহু আকবার'-এর মতো পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করলো ছাত্রশিবির।



