ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদো লিওনেল মেসির প্রশংসায় আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মেসি মাঠে যা করেন তা যেন কোনো মানুষের কাজ মনে হয় না।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর প্রশংসা
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে মেসি জোড়া গোল করেন। এই ম্যাচ দেখার পরই ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো মেসির প্রশংসায় ভাসান। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন।
রিভালদো লিখেছেন, আমি বহু বছর ফুটবল খেলেছি। প্রায় ৩৯ বছর বয়সেও একজন খেলোয়াড় যখন এত উচ্চমানের ফুটবল খেলে এবং ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিয়ে যায়, তখন তাকে সম্মান জানানো ছাড়া উপায় থাকে না।
জাতীয় দলের সমর্থনের ঊর্ধ্বে মেসির কীর্তি
রিভালদো আরও বলেন, প্রত্যেকে নিজের দেশকে সমর্থন করে, আমিও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর্থন করব না। কিন্তু মেসির মতো একজন মহান ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতেই হবে। তিনি যা করেছেন এবং এখনও করে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। দুই ম্যাচে পাঁচ গোল, আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা। এটি তার গুরুত্ব ও মানেরই প্রমাণ।
মেসির প্রতি গভীর শ্রদ্ধা
মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রিভালদো লেখেন, সমস্ত সম্মান রেখেই বলছি, মেসি, মাঠে তুমি যা করো তা যেন কোনো মানুষের কাজ বলে মনে হয় না। ফুটবলপ্রেমীদের জন্য তোমার মতো একজনের ক্যারিয়ার কাছ থেকে দেখতে পারা সত্যিই বিরল সৌভাগ্যের বিষয়।
বয়সকে জয় করে মেসি
ক্যারিয়ারের প্রায় ৩৯তম বছরে এসে মেসি বিশ্বকাপের মঞ্চে নিজের অন্যতম সেরা সূচনা করেছেন। ইতোমধ্যে তিনি ২০২২ বিশ্বকাপে করা সাত গোলের অর্ধেকেরও বেশি গোল করে ফেলেছেন। যে আসরে তিনি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন, সেটিই ছিল তার সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে অনেকের মনে প্রশ্ন ছিল, বয়সের ভারে মেসি আগের ছন্দ ধরে রাখতে পারবেন কি না। তবে মাঠের পারফরম্যান্সে সেই সংশয় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন ফুটবল বিশ্ব অপেক্ষায়, ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হতে দেখার।



