রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
রামপালে সাবেক যুবলীগ নেতা নিহত, অভিযান পুলিশের

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামে সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের পরিচয়

নিহত ইখলাস গাজী রামপাল পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তিনি উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইখলাস গাজী রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার সেখানে এসে তাকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তিনি ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, ঘুষি ও চড় মারেন। এতে ইখলাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী কারণে মাইঝে শিকদার ইখলাস গাজীর ওপর হামলা চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের বক্তব্য

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ