প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি উদ্বোধন করতে শনিবার (২ মে) সিলেটে পৌঁছেছেন। সকাল ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

সফরসূচি

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। এরপর বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গ

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে সেই কর্মসূচির সূচনা হয়। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ