পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী নাসির সিকদার। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার বিবরণ
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
পরিবারের বক্তব্য
নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রোববার বিকালেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়মকে। পরে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূকে হত্যা করে পালিয়ে যান নাসির।
এদিকে রোববার বিকালে কলাপাড়ার রাবনাবাদ নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান। তাই লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।



