কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের পরদিন এক গৃহবধূকে একটি তেঁতুলগাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
গৃহবধূর পরিচয় ও নিখোঁজের ঘটনা
ওই নারী উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুলগাছের মগডালে তাঁকে দেখতে পান এলাকাবাসী।
উদ্ধার অভিযান
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাঁকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের বক্তব্য
উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সকালে একজন নারী গাছের মগডালে বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং পরিবারের সহায়তায় তাঁকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।



