মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে যশোর-মাগুরার তিন যুবদল নেতাকে শোকজ
মাদক-স্বর্ণ চোরাচালানের অভিযোগে তিন যুবদল নেতাকে শোকজ

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরা জেলার তিন শীর্ষ যুবদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শোকজ পাওয়া নেতারা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।

অভিযোগের প্রেক্ষাপট

যুবদল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। ওই খবরের পরই কেন্দ্রীয় কমিটি এ শোকজ নোটিশ দেয়। নোটিশে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অভিযোগ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, “একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদকে কেন্দ্র করেই এই শোকজ দেওয়া হয়েছে। ওই অভিযোগের কোনো ভিত্তি নেই।”

কেন্দ্রীয় নেতাদের অবস্থান

যুবদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজন হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ