খুলনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত যুবক গুলিবিদ্ধ, অ্যাম্বুলেন্সেও গুলি
খুলনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত যুবক গুলিবিদ্ধ, অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনা নগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ

পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা আছে। লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রাজু। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কখন ও কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাম্বুলেন্সে গুলির ঘটনা

রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘লবণচরা থানা এলাকা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে রোগী ঢাকায় যাওয়ার পথে কুদির বটতলা এলাকায় কারা যেন অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে শুনেছি। পরে তারা আমাদের কাছে বিষয়টি জানিয়ে বাড়তি নিরাপত্তা চায়। আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের আমাদের থানা এলাকা পার করে দিই।’

তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। গুলি অ্যাম্বুলেন্সে লেগেছিল কিনা, তারা খতিয়ে দেখেননি। রাতের বেলা তারা শুধু সহায়তা চেয়েছিল, পুলিশ সেটাই করেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘রাজুর ওপর গুলির ঘটনা কখন ও কোথায় ঘটেছে– এখনও স্পষ্ট নয়। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। তার পেটে গুলির চিহ্ন ছিল। তার বিরুদ্ধে থানায় চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’ অ্যাম্বুলেন্সে গুলির ঘটনার বিষয়ে তেমন কিছু বলতে পারেননি তিনি।