রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ফরেনসিক ইউনিট থেকে রিপোর্ট সংগ্রহ
সংস্থাটি জানিয়েছে, তাদের ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ রিপোর্ট সংগ্রহ করেছেন। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিআইডির পক্ষ থেকে রামিসা হত্যাকাণ্ডের সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তদন্ত কার্যক্রম প্রায় শেষ
তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে পাওয়ায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রবিবার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
ঘটনার বিবরণ
উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।



