যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরাইল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
রোম আলোচনার আগে কূটনৈতিক পদক্ষেপ
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে।
বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরাইল
তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে বা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ পদক্ষেপের খবর সামনে এলো।
সামা টিভি লেবাননের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরাইলি সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সীমান্ত উত্তেজনা ও আঞ্চলিক প্রভাব
দক্ষিণ লেবাননে ইসরাইলের অভিযান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে। রোম আলোচনায় লেবানন ও ইসরাইলের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।



