চাঁপাইনবাবগঞ্জের এমপি মিজানুর রহমানের নতুন দাবি: রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর
চাঁপাইনবাবগঞ্জ এমপির নতুন দাবি: রহনপুরে রেলবন্দর

সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে সম্প্রতি ব্যাপক আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার দাবি জানিয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে এমপি মিজানুর রহমান তার কাছে এই দাবি উত্থাপন করেন।

এর আগে, গত বুধবার (১৭ জুন) সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় স্পিকারের নিকট সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সংসদ সদস্য।

রেলস্টেশন পরিদর্শনকালে রেলসচিবের কাছে ড. মিজানুর রহমান রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার যৌক্তিকতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটের ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বর্তমান ট্রেনগুলোর বগি সংখ্যা বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজের ওপর শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত থেকে রেলসচিবের কাছে তাদের ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মিজানুর রহমান বলেন, ‘রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন বৃদ্ধির জন্য সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আমাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে তা পূরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঢাকার সাথে সংযোগকারী রাজশাহী পর্যন্ত শাটল ট্রেনের দাবি জানালে সচিব ইতিবাচক সাড়া দিয়েছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এখানকার লাইন দুটি বৃদ্ধি করা হলে রাজস্ব আদায় আরও অনেক বাড়বে। রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন করা সম্ভব হলে এটি একটি অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।’