বনে-জঙ্গলে, পাহাড়ে কিংবা গভীর উপত্যকায় ঘেরা ভারতের অসংখ্য সুন্দর জলপ্রপাতের মধ্যে উচ্চতার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে একটি জলপ্রপাত। অনন্য এই প্রাকৃতিক বিস্ময়টির নাম কুঞ্চিকাল জলপ্রপাত, যা ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসেবে স্বীকৃত।
উচ্চতা ও গঠন
বরাহী নদী থেকে সৃষ্ট কুঞ্চিকাল জলপ্রপাতের মোট উচ্চতা প্রায় ৪৫৫ মিটার (১ হাজার ৪৯৩ ফুট)। পশ্চিমঘাট পর্বতমালা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতটি কোনও একটি সোজা ধারায় নিচে পড়ে না; বরং এটি একটি ধাপযুক্ত জলপ্রপাত, যার অর্থ পানি এখানে বেশ কয়েকটি ধাপে পাথুরে শরীর বেয়ে নিচে গড়িয়ে পড়ে।
অবস্থান ও পরিবেশ
কুঞ্চিকাল জলপ্রপাতটি কর্ণাটকের শিমোগা জেলার মাস্তিকাট নামক একটি ছোট গ্রামের কাছে, পশ্চিমঘাট পর্বতমালার সবুজে ঘেরা ঘন বন ও পাহাড়ের মধ্যে অবস্থিত। এলাকাটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চলের অংশ। প্রত্যন্ত ও সংরক্ষিত এলাকায় অবস্থানের কারণে এখানে সাধারণ পর্যটকদের ভিড় অন্যান্য বিখ্যাত জলপ্রপাতের মতো অত বেশি থাকে না। এমনকি এই জলপ্রপাতটি দেখতে যাওয়ার জন্য দর্শনার্থীদের প্রায়ই বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
বর্ষাকাল ও জলবিদ্যুৎ প্রকল্প
বর্ষাকালে এই জলপ্রপাতটি তার পূর্ণ রূপ ফিরে পায়। তবে এর কাছাকাছি একটি জলবিদ্যুৎ প্রকল্প থাকায় নদী ও জলপ্রপাতের পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে বছরের সব সময় একে পূর্ণ গৌরবে দেখা যায় না। তা সত্ত্বেও পরিমাপকৃত উচ্চতার কারণে এটি ভারতের সব জলপ্রপাতের শীর্ষে রয়েছে। সংরক্ষিত অঞ্চলে থাকায় মানুষের আনাগোনা কম হওয়ায় এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ এখনো পুরোপুরি অক্ষত রয়েছে।
সাধারণ পর্যটনকেন্দ্রগুলোর মতো এখানে সহজ যাতায়াত বা আধুনিক সুযোগ-সুবিধা নেই, তবে যারা একদম আদি ও অকৃত্রিম প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ভালোবাসেন, তাদের কাছে এই কুঞ্চিকাল জলপ্রপাত এক অনন্য স্বর্গরাজ্য।
সূত্র: এনডিটিভি



