বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।
সৌজন্য সাক্ষাতে প্রস্তাব
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন।
সাক্ষাতকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রীর আগ্রহ ও রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া
মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মিসরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।



