সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট কনস্যুলার ট্যুরের সময় ভেন্যুর সম্পদ ও পরিবেশ নষ্ট করার ঘটনায় প্রবাসীদের সতর্ক করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভেন্যুতে ক্ষয়ক্ষতি ও অসচেতন আচরণ
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেট জেনারেল থেকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়া করা ভেন্যুগুলোতে কিছু সেবাগ্রহীতার অসতর্কতা ও অসচেতনতামূলক আচরণের কারণে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা, দেয়াল ও স্থাপনার ক্ষতি এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মতো ঘটনা ঘটছে।
আর্থিক ক্ষতি ও ভাবমূর্তির অবনতি
কনস্যুলেট জানায়, এ ধরনের ঘটনার কারণে তাদের ভেন্যুর মালিক পক্ষকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। পাশাপাশি, ভেন্যুর পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট হচ্ছে ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগের বিষয় হলো, পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।
ভবিষ্যতে সেবা ব্যাহতের আশঙ্কা
কনস্যুলেট জানায়, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে; যার ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।
সেবাগ্রহীতাদের প্রতি অনুরোধ
এ অবস্থায় সব সেবাগ্রহীতাকে ভেন্যুর সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইনকানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সবার সচেতন ও দায়িত্বশীল আচরণই কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।



