অভ্যুত্থান নাকি বিপ্লব? বাংলাদেশের জুলাই ঘটনাপ্রবাহের রাজনৈতিক বিশ্লেষণ
রাজনীতির ভাষায় কিছু শব্দ কেবল অভিধানের সংজ্ঞায় সীমাবদ্ধ নয়; এগুলো ক্ষমতা, বৈধতা ও ইতিহাসের দাবি বহন করে। ‘অভ্যুত্থান’ ও ‘বিপ্লব’—এই দুটি শব্দ তেমনই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে কেউ বলছেন গণঅভ্যুত্থান, কেউ বলছেন বিপ্লব। প্রশ্ন হলো—এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? আর কোন শব্দটি বেশি প্রযোজ্য?
অভ্যুত্থান ও বিপ্লবের সংজ্ঞা ও পার্থক্য
অভ্যুত্থান (Uprising / Insurrection) সাধারণত একটি স্বতঃস্ফূর্ত বা সংগঠিত গণপ্রতিরোধ, যা কোনো নির্দিষ্ট নীতি, সিদ্ধান্ত বা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গড়ে ওঠে। এর লক্ষ্য হতে পারে সরকার পরিবর্তন, অন্যায়ের প্রতিবাদ বা নির্দিষ্ট দাবির বাস্তবায়ন। অভ্যুত্থান সব সময় রাষ্ট্রব্যবস্থার মৌলিক কাঠামো বদলে দেয় না। অন্যদিকে বিপ্লব (Revolution) শব্দটি বহন করে আরো গভীর ও কাঠামোগত পরিবর্তনের অর্থ। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বিপ্লবকে দেখেছেন শ্রেণিভিত্তিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক রূপান্তর হিসেবে। রাজনৈতিক তাত্ত্বিক হান্না আরেন্ট তার বিশ্লেষণে বলেছেন, বিপ্লব কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি নতুন রাজনৈতিক নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্ম দেয়।
ইতিহাসে ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব কেবল শাসক পরিবর্তন করেনি; সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার ভিত্তিই পালটে দিয়েছিল। অভ্যুত্থান মানে ক্ষমতার বিরুদ্ধে গণপ্রতিরোধ। বিপ্লব মানে কাঠামোগত ও আদর্শিক রূপান্তর। তাৎক্ষণিক প্রতিবাদ থেকে জনজোয়ার গণঅভ্যুত্থান হিসেবে বিবেচিত হতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপট: জুলাই ঘটনাপ্রবাহ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘গণঅভ্যুত্থান’ শব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পাকিস্তানি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় জুলাইয়ের ঘটনাও বৃহৎ জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাস্তায় প্রতিবাদ, রাষ্ট্রক্ষমতার প্রতি চ্যালেঞ্জ এবং প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি করে। তাই এটিকে গণঅভ্যুত্থান বলা যুক্তিসংগত।
গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য হলো ব্যাপক জনসম্পৃক্ততার দ্রুত বিস্তার, রাষ্ট্রক্ষমতার ওপর চাপ সৃষ্টি, শাসকের নীতি বা নেতৃত্বে তাৎক্ষণিক পরিবর্তন দাবি। কিন্তু এটি সব সময় দীর্ঘমেয়াদি সাংবিধানিক বা অর্থনৈতিক কাঠামো বদলে দেয় না। বিপ্লব-পরবর্তী পরিবর্তনের গভীরতা ও স্থায়িত্ব দীর্ঘমেয়াদি।
বিপ্লবের প্রশ্নে দুটি বিষয় গুরুত্বপূর্ণ—পরিবর্তনের গভীরতা এবং স্থায়িত্ব। যদি কোনো আন্দোলনের ফলে সংবিধান, শাসনব্যবস্থা, ক্ষমতার উৎস, অর্থনৈতিক কাঠামো ও সামাজিক চুক্তি আমূল বদলে যায়, নতুন আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং পুরোনো শাসনব্যবস্থা ভেঙে নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে—তবে সেটি বিপ্লবের পর্যায়ে পড়ে। উদাহরণ হিসেবে ইরানি বিপ্লবের কথা বলা যায়, যেখানে শুধু শাসক বদলায়নি; রাষ্ট্রের চরিত্রই পালটে গেছে।
জুলাইয়ের ঘটনা: গণঅভ্যুত্থান নাকি বিপ্লব?
জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ ব্যাপক জনসমাগম, প্রতিবাদ, সংঘর্ষ এবং সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টির প্রকাশ পেয়েছে। তাই নিঃসন্দেহে এটি গণআন্দোলন বা গণঅভ্যুত্থান হিসেবে বিবেচিত হতে পারে। তবে সেটিকে ‘বিপ্লব’ বলতে হলে দেখতে হবে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো কি আমূল বদলেছে? ক্ষমতার উৎস ও নিয়ন্ত্রণব্যবস্থায় কী মৌলিক পরিবর্তন এসেছে? নতুন আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা কি প্রতিষ্ঠিত হয়েছে? যদি এসব প্রশ্নের উত্তর নেতিবাচক হয়, তবে ‘বিপ্লব’ শব্দটি হয়তো রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু বিশ্লেষণগতভাবে যথাযথ নয়।
রাজনীতিতে শব্দের ব্যবহার নিরপেক্ষ নয়। ‘বিপ্লব’ শব্দটি আন্দোলনের নৈতিক উচ্চতা ও ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দেয়। ‘অভ্যুত্থান’ শব্দটি তুলনামূলকভাবে সংযত ও বিশ্লেষণধর্মী। তাই যে পক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়, তারা প্রায়ই তাকে বিপ্লব বলতে চায়; আর সমালোচকরা তাকে অভ্যুত্থান বা অস্থিরতা বলে চিহ্নিত করেন।
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতা
ইতিহাসের প্রতিটি বিপ্লব একই রকম নয়। কোথাও তা রক্তাক্ত, কোথাও শান্তিপূর্ণ; কোথাও তা নতুন স্বৈরতন্ত্রের জন্ম দেয়, কোথাও গণতন্ত্রকে সুসংহত করে। ফলে ২০২৪ সালের জুলাই-পরবর্তী বাংলাদেশের বাস্তবতাকে বুঝতে হলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে তা বিশ্লেষণ করা জরুরি।
- ফরাসি বিপ্লব (১৭৮৯): এটি ছিল এক রক্তক্ষয়ী উত্থান। রাজতন্ত্রের পতনের পর ‘রেইন অব টেরর’ পর্বে বিপ্লবীরাই একে অন্যকে গিলোটিনে পাঠিয়েছে। এখানে দেখা যায়—বিপ্লব-পরবর্তী আইন কাঠামো স্থিতিশীল না হলে অরাজকতা দীর্ঘস্থায়ী হয়।
- ভেলভেট বিপ্লব (১৯৮৯): এটি ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। গণআন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে, কিন্তু প্রতিশোধপরায়ণতার বদলে সাংবিধানিক রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে না পড়ে, ধীরে ধীরে গণতন্ত্রে রূপ নেয়।
বাংলাদেশের জুলাই-পরবর্তী পরিস্থিতি এই দুই মডেলের মাঝামাঝি। এখানে বিপ্লবীরা সরাসরি রাষ্ট্র দখল না করে সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠনের পথ নিয়েছে। এই দিকটি গুরুত্বপূর্ণ—কারণ এটি রক্তক্ষয়ী প্রতিশোধ রাজনীতির বদলে সাংবিধানিক স্বীকৃতির দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।
অপরাধের প্রশ্ন: রাজনৈতিক না ফৌজদারি?
বিশ্ব অভিজ্ঞতা দেখায়—সব বিপ্লবী কর্মকাণ্ড এক কাতারে ফেলা যায় না। রাজনৈতিক প্রতিবাদ, সাংবিধানিক অবাধ্যতা ও সহিংস অপরাধের মধ্যে পার্থক্য করতে হয়। ফরাসি বিপ্লবের সময় এই পার্থক্য করা হয়নি—ফলে সন্ত্রাস চক্রে বিপ্লব নিজেকেই গ্রাস করে। দক্ষিণ আফ্রিকায় শর্তসাপেক্ষ ক্ষমার মাধ্যমে সীমারেখা টানা হয়। আর ইরানে বিচার-প্রক্রিয়া রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলে ব্যবহৃত হয়েছে।
বাংলাদেশ যদি পরিণত গণতন্ত্রের পথে হাঁটতে চায়, তাহলে তাকে তিনটি নীতির সমন্বয় করতে হবে:
- সহিংস ও মানবাধিকার লঙ্ঘনের বিচার।
- রাজনৈতিক আন্দোলনের জন্য শর্তসাপেক্ষ সাধারণ ক্ষমা।
- সংসদীয় বৈধতার মাধ্যমে অধ্যাদেশের স্থায়িত্ব নিশ্চিতকরণ।
বাংলাদেশের পথ কোনটি?
ইতিহাস শিক্ষা দেয়—বিপ্লবের চেয়ে কঠিন কাজ হলো পরবর্তী রাষ্ট্র গঠন। ফ্রান্স, ইরান, দক্ষিণ আফ্রিকা কিংবা পূর্ব ইউরোপ—সব জায়গাতেই দেখা গেছে, আইনি কাঠামো সুসংহত না হলে নতুন সংকট তৈরি করে। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখানে আন্দোলনকারীরা সরাসরি শাসন প্রতিষ্ঠা করেনি; বরং সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছে—যা আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পার্থক্য। কিন্তু অধ্যাদেশের সংসদীয় বৈধতা ও ন্যায়বিচারের ভারসাম্য নিশ্চিত না হলে ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকেই যাবে।
লেখক: ফিকামলি তত্ত্বের জনক, বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
