ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শফিকুর রহমানের শোক ও বিশ্বশান্তির আহ্বান
খামেনির মৃত্যুতে শফিকুর রহমানের শোক ও বিশ্বশান্তির আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শফিকুর রহমানের শোক প্রকাশ

জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোকের কথা জানান।

শোকবার্তা ও সমবেদনা

শফিকুর রহমান তার পোস্টে বলেন, 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।' তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, 'মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।'

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সতর্কতা

রমজান মাসে হামলার সম্ভাবনা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।' তিনি সতর্ক করে দেন যে, এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়- পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

তিনি আরও যোগ করেন, 'পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।'

সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান

সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, 'আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন।'

তিনি জোর দিয়ে বলেন, 'আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।' বিশ্বশান্তি রক্ষায় তিনি জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।